জাবি-তে দেশের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী বান্ধব গ্রন্থাগার

১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৬  

বাংলাদেশে প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে স্থাপিত হয়ে দৃষ্টিপ্রতিবন্ধী বান্ধব আধুনিক সহায়ক প্রযুক্তি। এজন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নীচতলার একটি কক্ষে বিশেষ পাঠাগার স্থাপন করা হয়। শুরুতেই এখানে স্থাপন করা হয়েছে ব্রেইল কি-বোর্ড, ডিসপ্লে এবং প্রিন্টার। এছাড়া ক্ষীণদৃষ্টি সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এই লাইব্রেরিতে রয়েছে লো-ভিশন ম্যাগ্নিফাইং গ্লাস উইথ স্ট্যান্ড এন্ড গ্লাস।

সূত্রমতে, বিশেষ এই পাঠকক্ষে এক সঙ্গে বিশেষ ভাবে সক্ষম ১০ জন শিক্ষার্থী প্রযুক্তির সহায়তায় পাঠ ও গবেষণা করতে পারবে বলে জানাগেছে। লাইব্রেরিটি পরিচালনায় ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সঙ্গে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে।

জানাগেছে, ১৮ সেপ্টেম্বর বিশেষ এই পাঠকক্ষে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের কাজ সম্পন্ন করেছে ইনোভেশন গ্যারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্ণধার আশিকুর রহমান অমিত জানিয়েছেন, সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যাপক ড. এম শামীম কায়সার, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মাদ কিবরিয় এবং আই টি অফিসার মোহাম্মাদ তমাল উল্লিখিত সামগ্রী বুঝে নেন।

তিনি বলেছেন, এখানে ব্রেইল প্রিন্টারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই মুদ্রণ করা যাবে, ব্রেইল ডিস্প্লে এর মাধ্যমে একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কম্পিউটার হতে সরাসরি টেক্সট ব্রেইলে রূপান্তর করে পড়তে পারবে।একই সাথে ব্রেইলে ৬ ডটে টাইপ করতে পারবে যা কম্পিউটারে টেক্সট আকারে আউটপুট দিবে। বাল্ব ও স্ট্যান্ড সম্বলিত ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে একজন ক্ষীণদৃষ্টিসম্পন্ন ব্যক্তি প্রিন্টেড বই পড়তে পারবেন। আমাদের বিশ্বাস এভাবে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার অতি শীঘ্রই সকল প্রতিবন্ধী বান্ধব হবে।

এর আগে এই প্রতিষ্ঠানটি ব্রেইল প্রিন্টার দিয়ে কোন কন্ভাটর ছাড়াই সরাসরি বাংলা ব্রেইল-এ রূপান্তরের হার্ডওয়্যার অ্যাক্টিভেশন অ্যাপ্লিকশন "বোধি"  উদ্ভাবন করা হয়।